কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮
ছবি : বাংলাদেশের খবর
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) মহিপুর থানা এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, একজন নিরীহ ও সৎ কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মো. জাহিদুল ইসলাম রাজিব বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
শহিদুল ইসলামের বাবা মো. মতিউর রহমান বলেন, ‘আমার ছেলেটি ছিল খুবই সৎ, পরিশ্রমী ও নিরীহ। সে কখনো কারও ক্ষতি করেনি। আজ তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলের হত্যার ন্যায়বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।’
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহিপুর মৎস্য বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
জাকারিয়া জাহিদ/এআরএস

