বরিশাল-১ আসনে বিভক্ত বিএনপিতে ঐক্যের ডাক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিভক্ত বিএনপির নেতাকর্মীদের বিবাদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের ডাক দিয়েছেন দলটির এক কেন্দ্রিয় নেতা।
রোববার (১ ফেব্রুয়ারি) গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচারসভায় কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘মনোনয়ন ঘোষণার পর দলীয় চেয়ারপারসন তারেক রহমান ঐক্যের নির্দেশ দিলেও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আজ যারা আমার সঙ্গে প্রচারণায় নেমেছেন, তারা সবাই তারেক রহমানের অনুগত ও ওয়ান ইলেভেন-পরবর্তী সময়ে পরীক্ষিত কর্মী।’
আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটিগুলোতে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম না থাকায় অনেকে অভিমান করে থাকছেন। তিনি তাদের ঐক্যবদ্ধভাবে প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়ার দলীয় নেতা আবুল হোসেন লান্টু ও গৌরনদীর কাজী গোলাম সরোয়ার প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মনোনয়ন প্রত্যাশী কামরুল ইসলাম সজলসহ অন্যান্যরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এআরএস

