Logo

সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫২

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রকৌশলী জাকির হোসেনের একটি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় অবস্থিত ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এ সময় পুলিশ সেখানে একটি মোটরসাইকেল উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার বেলা ১১টার দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, ‘রাতের আঁধারে মুখ বাঁধা দুজন ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। আশেপাশে আরও কয়েকজন ছিল। স্থানীয়রা টের পেয়ে তাড়া করলে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি। আগুনে ক্যাম্পের সবকিছু পুড়ে গেছে।’

বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান বলেন, ‘বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আকরামুজজামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর