উখিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাণিজ্যিক স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গভীর রাতে সংঘটিত এ আগুনে অন্তত ১০টির বেশি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে কুতুপালং বাণিজ্যিক স্টেশন বাজারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোয় আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফার্মেসির আইপিএস লাইনে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানান, কুতুপালং বাজারে সিসিটিভি ক্যামেরা থাকলেও অগ্নিকাণ্ডের সময় কোনো রেকর্ড পাওয়া যায়নি।
তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে একটি ফার্মেসিতে আগুন লাগে এবং সেখান থেকেই আশপাশের দোকানগুলোয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এআরএস

