গলাচিপায় সেনা মোতায়েন, ২ প্রার্থীর সভা নিষিদ্ধ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকায় সেনাসদস্যরা অবস্থান করছেন। এ অবস্থায় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ (আসন নং–১১৩) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন (ঘোড়া প্রতীক)-এর নির্বাচনী সফরসূচি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) একটি প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদন পর্যালোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

