গাজীপুরে ১১ দলীয় জোটের প্রার্থীর নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুর-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জোটের নেতাকর্মীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ জানুয়ারি সন্ধ্যায় অ্যাডভোকেট আলী নাছের খানের নেতৃত্বে শাপলা কলি মার্কার সমর্থনে একটি নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমর্থকদের একটি অটোরিকশা ইচ্ছাকৃতভাবে শোভাযাত্রার গতি রোধ করে এবং উত্তেজনামূলক আচরণ করে।
শোভাযাত্রাটি রাস্তা পার হতে গেলে ধানের শীষের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার দিয়ে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। পরে শোভাযাত্রার গতিরোধ করে বিএনপি প্রার্থীর সমর্থকদের আরেকটি গাড়ি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
১১ দলীয় জোটের নেতারা এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আব্দুল মান্নান/এআরএস

