তারেক রহমানই একমাত্র ভরসা : বরিশালে বিএনপি প্রার্থী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশনায়ক তারেক রহমান ছাড়া এই মুহূর্তে দেশে বিএনপির আর কোনো নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই এখন দেশের মানুষের একমাত্র ভরসাস্থল।
রোববার (১ ফেব্রুয়ারি) দিনভর গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং তাকে সংসদ সদস্য নির্বাচিত করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বিএনপি। প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে বিদায় জানাতে হবে।
পথসভায় এম জহির উদ্দিন স্বপন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এতদিন নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এই বিশ্বাসে যে, সেটি তাদের নিরাপত্তা দেবে। কিন্তু ভুল রাজনীতির কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং সেই সঙ্গে নৌকা প্রতীকও হারিয়ে গেছে। ওই ভুল রাজনীতি নৌকা প্রতীকের নিরীহ সাধারণ ভোটারদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, এ অঞ্চলের সংখ্যালঘু নিরীহ মানুষদের অভিভাবকের দায়িত্ব তিনি নিজেই নিলেন। কেউ যদি অন্যায়ভাবে নির্যাতন বা হয়রানি করার চেষ্টা করে, তাহলে তিনি তার প্রতিহত করবেন। ছাত্রদল বা যুবদলের নাম ব্যবহার করে কেউ সমস্যা তৈরি করলে সরাসরি তাকে জানাতে বলেন তিনি। কোনো সামাজিক অপরাধীকে বিএনপি আশ্রয় দেবে না বলেও জানান।
পথসভা ও জনসংযোগস্থলগুলোতে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা ধানের শীষ প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনি দিয়ে এম জহির উদ্দিন স্বপনের প্রতি সমর্থন প্রকাশ করেন।
রোববার সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের যশুরকাঠী এলাকায় পথসভায় যোগদানের মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন জহির উদ্দিন স্বপন। পরে লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, বাটাজোর কবিবাড়ি এলাকা, দক্ষিণ-পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধারাবাহিক পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এআরএস

