আলফাডাঙ্গায় সোয়া কোটি টাকা ব্যয়ে কলেজভবন নির্মাণকাজ উদ্বোধন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৬
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। এক বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আধুনিক এই ভবনে শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের পাশাপাশি স্যানিটারি, পানি সরবরাহ এবং উন্নত বিদ্যুতায়ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। কুষ্টিয়ার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনকালে অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে এই নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভবনের সফল নির্মাণকাজ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রাকিবুল/এইচকে/

