বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা : জি এম কাদের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৯
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে।
রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর–৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন জি এম কাদের।
তিনি বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট আয়োজন করার অধিকার রয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের। বর্তমান সরকারের গণভোটের আয়োজন একদিন দেশদ্রোহিতা হিসেবে প্রমাণিত হবে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী রাষ্ট্র গড়ে তুলতে চায়। এসব অপচেষ্টা থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জি এম কাদের আরও বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় জেলে পাঠানো হচ্ছে। সর্বত্র অন্যায় ও অত্যাচার চলছে। ‘ইনকিলাব’ শব্দ ব্যবহার করে দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। যারা এসব করছে, তাদের বিরুদ্ধেই জাতীয় পার্টির সংগ্রাম বলে উল্লেখ করেন তিনি। এ জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রচার–প্রচারণায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে জি এম কাদের বলেন, রংপুর বিভাগের সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীদের অবস্থান ভালো। অতীতে অন্যায় ও অত্যাচারের কারণে দলটি তার ঐতিহ্য ধরে রাখতে পারেনি। তবে সুষ্ঠুভাবে ভোট হলে এবার জাতীয় পার্টি অনেক বেশি ভোট ও আসন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস/

