Logo

সারাদেশ

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৫

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদীতে নৌ–টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতেই এ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার নাফ নদীতে নৌ–টহল কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক শাহাদাত হোসেন শুভ, মেজর মুভাশশীর নাকিব তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘সীমান্তবর্তী সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য নাফ নদীতে আমাদের নৌ–টহল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা, গোলাগুলি কিংবা ভীতিকর পরিবেশ সৃষ্টি রোধে বিজিবি আন্তরিকভাবে কাজ করছে।’

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।’

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর