স্বাধীনতা চায়নি যারা, তারা বিভাজনে ব্যস্ত : সালাহউদ্দিন আহমেদ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭
ছবি: সংগৃহীত
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের স্বাধীনতায় বিশ্বাসী না যারা, তারা ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করতে ব্যস্ত।
রোববার দুপুরে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, “অন্য দলগুলোর কোনো বাস্তব পরিকল্পনা নেই। তারা মানুষকে বিভক্ত করতে চায়, অথচ দেশের মানুষ তা চায় না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মানুষ ও রাজপথে রক্ত দেয়া শহীদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য পূরণের জন্য ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন।”
তিনি দলের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, খাল খনন ও প্লাস্টিক দূষণ কমানো—এসবই আমাদের কার্যক্রমের অংশ।”
পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া ও সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।
এএস/

