ফরিদপুর-১ আসন
মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ডা. গোলাম কবীরের উঠান বৈঠক
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর মিয়া নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণার অংশ হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে তিনি উঠান বৈঠক করেন। স্থানীয় ব্যবসায়ী দাউদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. গোলাম কবীর মিয়া।
তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘একাত্তরে অস্ত্র হাতে দেশ স্বাধীন করার যুদ্ধ করেছি, এরপর দীর্ঘ সময় চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরে লড়াই করেছি মানুষের জীবন বাঁচাতে। এখন জীবনের এই পর্যায়ে আমি আপনাদের সেবক হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। ফরিদপুর-১ আসনের অবহেলিত মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন আধুনিক সমাজ গঠনই আমার জীবনের শেষ লক্ষ্য।’
ভোটারদের উদ্দেশে ডা. গোলাম কবীর মিয়া আরও বলেন, ‘মোটরসাইকেল প্রতীক আজ উন্নয়নের প্রতীক, তারুণ্যের প্রতীক। আমি আপনাদেরই সন্তান। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে এই এলাকার প্রতিটি ঘরে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেব। পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ ও বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করব।’
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অগণিত সাধারণ ভোটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মিয়া রাকিবুল/এআরএস

