Logo

সারাদেশ

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খনিহারা এলাকায় ‘ম্যাক ফেয়ার’ নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই দিন সন্ধ্যায় কাজ চলাকালীন হঠাৎ ছাদটি ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে নিরাপত্তা বিধি না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’ নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে এলাকায় দেখা যায়নি। তারা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তদন্ত করছেন।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর