বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (৪০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাস স্টেশন সংলগ্ন টিএন্ডটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ান বান্দরবান সদর উপজেলার সুয়ালক ভাগ্যকুল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কেরানিহাট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং চালকের একটি পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী বলেন, ‘আহত মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রামে রেফার করা হয়েছে।’
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানায় আনা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সোহেল কান্তি নাথ/এআরএস

