অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, লক্ষ্মীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২
ছবি : বাংলাদেশের খবর
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে অভিযান চালানো হয়।
শহরের বাগবাড়ি রোডের ‘রোজ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’, চকবাজার এলাকার ‘সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’ এবং ‘কাশফুল লাইভ বেকারি’তে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার চিত্র পাওয়া যায়। কর্মীরা হ্যান্ডগ্লাভস ও হেয়ারক্যাপ ব্যবহার করছিলেন না, খোলা অবস্থায় মাছিযুক্ত খাবার রাখা ছিল। এছাড়া প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
এআরএস

