Logo

সারাদেশ

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৩২ বিজিবি ব্যাটালিয়ন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৩২ বিজিবি ব্যাটালিয়ন

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)।

নির্বাচনী এলাকা খাগড়াছড়ি ২৯৮ নং আসন এবং ২৯৯ নং সংসদীয় আসনের অংশবিশেষের নিরাপত্তায় ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। বিজিবি সদর দপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্নেল মোত্তাকিম বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করবে।

সেক্টর কমান্ডার আরও বলেন, সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি তার সর্বশক্তি প্রয়োগ করবে।

সংবাদ সম্মেলনে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরান কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর