ভালুকায় নির্বাচনী সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আমির উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমির উদ্দিন হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকা উপজেলার বাটাজোর বাজার এলাকায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক)-এর নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৬ থেকে ৭ জন কর্মী গুরুতর আহত হন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই রাতে উপজেলার সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আনুমানিক ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গত ২৮ জানুয়ারি আতিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমির উদ্দিনের ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, মামলার এজাহারভুক্ত আসামিকে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোমান আহমেদ নকিব/এমবি

