ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কে টাঙানো হাসনাত আব্দুল্লাহর ‘শাপলাকলি’ প্রতীকের কয়েকটি নির্বাচনি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে তাঁর ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁদের কয়েকটি নির্বাচনি ব্যানার পুড়িয়ে দিয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হাসনাত আব্দুল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

