জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬
শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। তিনি এই হত্যা মামলার ৫৫ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতীর বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে ওই এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রুবেলকে আদালতে পাঠানো হবে।
এদিকে, মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার রাতেই সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
এমএইচএস

