Logo

সারাদেশ

বান্দরবানে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

বান্দরবানে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলা বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে জন্য সতর্কতা অবলম্বন করেছে সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, ‘ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। এ ছাড়া পাঁচ প্লাটুন রিজার্ভ ফোর্স বিভিন্ন উপজেলায় মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও।’

তিনি আরও জানান, ‘থানচি উপজেলাসহ অন্যান্য উপজেলায় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের 'জয়েন্ট অ্যান্ড হ্যান্ডলার সেল' (জেডিএইচসি) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। তারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।’

সেক্টর কমান্ডার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। এটা জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।’

এ সময় ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপঅধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) থেকে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ৭ প্লাটুন ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে লামা ও আলীকদম উপজেলায় ৭ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

বিজিবি বান্দরবান সেক্টর মোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী থানচি ও আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর