শ্রীপুরে অগ্নিকাণ্ডে ওয়ার্কশপ ও ভাঙারি দোকান পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার সংলগ্ন একটি ওয়ার্কশপ ও একটি ভাঙারি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ওয়ার্কশপের মালিক মো. সবুজ মিয়া জানান, আগুনে তার প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। পাশের আহাদের ভাঙারি দোকানেরও সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
সবুজ মিয়া বলেন, তিনি দোকানেই ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে নিরাপত্তাকর্মীর ডাকে ঘুম ভেঙে দেখেন দোকানে আগুন লেগেছে। তার ধারণা, পাশের ভাঙারি দোকান থেকেই আগুন ছড়িয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্টেশনের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তাধীন।
স্থানীয়রা বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
আতাউর রহমান সোহেল/এআরএস

