আলফাডাঙ্গায় ডাকাতি : খুলনায় র্যাবের অভিযানে মূল আসামি গ্রেপ্তার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার মূল আসামি মেহেদী খানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলার লবণচরা এলাকায় র্যাব-১০ ও র্যাব-৬-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মেহেদী খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নড়াইল গ্রামের আসাদ খানের ছেলে। র্যাবের রেকর্ড অনুযায়ী, মেহেদী একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ আরও চারটি মামলা রয়েছে।
র্যাব জানায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ৭–৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রসহ একটি বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৩ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে খুলনার লবণচরা এলাকা থেকে আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মিয়া রাকিবুল/এমবি

