যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থও ওঠেননি : আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩
ছবি: সংগৃহীত
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর অনেক কষ্ট ভোগ করেছেন। জেলে গিয়েছেন, রিমান্ডে ছিলেন। কিন্তু নীতি ও আদর্শে অটল ছিলেন। কোনো দিনও জনগণের বাইরে যাননি। “যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থও ওঠেননি,” তিনি বলেন।
ভোটারদের উদ্দেশে পার্থ বলেন, “আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের হৃদয়ে ধারণ করতে হবে—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভোট দিয়ে আপনি কখনো ঠকাননি, বেগম খালেদা জিয়াকেও ভোট দিয়ে ঠকাতে পারবেন না। তারেক রহমানকেও ভোট দিয়ে ঠকাতে পারবেন না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন পার্থ।
তিনি আরও বলেন, “জামায়াতের প্রার্থীরা দেশের মানুষকে উন্নয়ন করার কথা বললে কেউ বিশ্বাস করবে না। তাই তারা এখন জান্নাতের টিকিট বিক্রি করেন।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পার্থ বলেন, “তারা আপনাদের পূজায় যাবে, কিন্তু সুযোগ পেলে তারাই আপনার মণ্ডপ ভাঙবে। বাংলাদেশের হিন্দু-মুসলিম ভাইভাই হিসেবে মিলেমিশে থাকবে। এটি একটি নির্দিষ্ট গ্রুপ ও গোষ্ঠী মেনে নিতে পারে না।”
সমাবেশে উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ।
এএস/

