Logo

সারাদেশ

নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৫

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬

নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৫

নওগাঁ-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার সময় ভিডিও ধারণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক গোপাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চক গোপাই গ্রামে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও ছাত্রদল কর্মীরা ভিডিও ধারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন— হাসান প্রামাণিক, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী ও রাকিব হাসান। আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা সম্পর্কে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করে ভোজের আয়োজন করা হচ্ছিল। সেই ভোজের ভিডিও ধারণ করতে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম বলেন, তাঁদের প্রার্থীর ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জামায়াতের কর্মীরাও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এম এ রাজ্জাক/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর