মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
সমাবেশে বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি বাহিনী দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করেছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, নির্বাচনী দায়িত্বে অংশগ্রহণকারী সদস্যরা প্রায় দেড় বছর ধরে চলমান বিভিন্ন প্রস্তুতি ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যুগোপযোগী প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন ও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নের পাশাপাশি সদস্যদের বাহিনীর AVMIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনে সহায়তার জন্য রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করবেন। অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী সদস্য এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রে দুইজন করে পুরুষ সদস্য অস্ত্রসহ নিয়োজিত থাকবেন। পাশাপাশি দুইজন সদস্যকে নির্বাচনী সুরক্ষা সফটওয়্যারের এন্ড ইউজার বা প্রথম সাড়াদানকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
সমাবেশে জানানো হয়, মৌলভীবাজার জেলার মোট ৫৫৪টি ভোটকেন্দ্রে ৭ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা নির্বাচনী নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় এবং বাহিনীর নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যের শেষাংশে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এমএইচএস

