Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে সিল জব্দ : বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৮

লক্ষ্মীপুরে সিল জব্দ : বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ছয়টি ভোটের সিল জব্দ ও এক ব্যবসায়ী গ্রেপ্তারকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা  পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পৃথক সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ব্যালট পেপারে ব্যবহারের জন্য তৈরি ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোনসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

এরপর রাতে শহরের গোডাউন রোডে বশির ভিলায় বিএনপির সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেন, গ্রেপ্তারকৃত সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী হতে পারেন এবং তার পদ-পদবীও থাকতে পারে।

লিখিত বক্তব্যে এ্যানি বলেন, শুধু লক্ষ্মীপুর নয়, সারাদেশে বিএনপির নির্বাচনী অগ্রগতি দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে ভোটে কারচুপির চেষ্টা করছে। জব্দকৃত সিল কে তৈরি করেছে এবং কারা এর পেছনে জড়িত, তা খুঁজে বের করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এসব ঘটনার পেছনে কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতার ইন্ধন আছে কি না, তা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জাল ভোট ও জালিয়াতি ঠেকাতে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।

অন্যদিকে, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে দলের প্রার্থী ড. রেজাউল করিম বিএনপির অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন।

ড. রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত সোহেল রানা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন এবং সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ আনা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, কোনো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিকভাবে না জড়িয়ে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। জামায়াতে ইসলামী সব সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল চারটায় গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের পুরনো পৌরসভা রোডে মারইয়াম প্রিন্টার্সে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্যালট পেপারে ব্যবহারের জন্য প্রস্তুত ১৬ ঘর বিশিষ্ট ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

এ সময় দোকানের মালিক সোহেল রানাকে আটক করা হয়। আটক সোহেল রানা জানান, তার একজন নিয়মিত গ্রাহক জরুরি ভিত্তিতে এ সিলগুলো তৈরি করার অর্ডার দেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর