Logo

সারাদেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী নিরাপত্তায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী নিরাপত্তায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১৮ জেলার ১০৮ উপজেলায় ৬২টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেস ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জওয়ানরা।

বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন তিন জেলার ১১ সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই রয়েছে আট প্লাটুন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমরা দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওয়ার্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (কে-৯) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান অঞ্চল ও ব্যাটালিয়ন কমান্ডার।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর