বগুড়ায় অভিযানে ‘নুরুজ্জামান বাহিনীর’ সদস্য গ্রেপ্তার, রিভলবার-মাদক উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আলোচিত নুরুজ্জামান বাহিনীর সক্রিয় সদস্য আতিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, গুলি, কার্তুজ, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার শাবরুল এলাকায় সেনাবাহিনীর ৪০ বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ক্যাপ্টেন জানে আলম সাদিক ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ একটি দল।
জানা যায়, অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে একাধিক মামলার আসামি আতিক পাশের একটি ভবনে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ, একাধিক দেশীয় অস্ত্র, কোকেইন ও ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম। এ ছাড়া তার কাছ থেকে দুটি পাসপোর্ট ও একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। গত ২০ দিনের ব্যবধানে শাহজাহানপুর উপজেলা থেকেই তিনটি অবৈধ রিভলবার, একটি বিদেশি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শাকপালার আলোচিত পোদ্দার বাহিনীর সদস্য ফিরোজ পোদ্দারসহ দুজনকে এবং ২৮ জানুয়ারি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী।
জুয়েল হাসান/এআরএস

