আলফাডাঙ্গায় ফ্রেন্ডস ক্লাবের জমকালো ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১
ফরিদপুরের আলফাডাঙ্গায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘আলফাডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব’ আয়োজিত ৮ দলীয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে ফরিদপুর সদরের শ্যাডো ওয়ারিয়র্স একাদশ ও আলফাডাঙ্গা উপজেলার বিগ ব্রাদার্স একাদশ একে অপরের মুখোমুখি হয়। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বিগ ব্রাদার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্যাডো ওয়ারিয়র্স একাদশ।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের হাতে একটি ৩২ ইঞ্চি এলইডি মনিটর ও রানার্সআপ দলের হাতে একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, টিম ম্যানেজার বিশু মৃধা, সদস্য বিল্লাল মুন্সি, আজাদুল ইসলাম ও মো. সেলিম প্রমুখ।
পুরস্কার বিতরণকালে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

