কুমিল্লায় জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার ৪ নম্বর খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, গণসংযোগ শেষে প্রার্থীর গাড়িবহরটি ওই এলাকা অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাকর্মীদের দাবি, এ সময় গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং পাঁচজন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম। হঠাৎ করে আমাদের গাড়িবহরের ওপর হামলা হয়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ/এমবি

