Logo

সারাদেশ

ভোট দেওয়ার পর ফলাফল নিয়ে বাড়িতে ফিরবেন : জোনায়েদ সাকি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২২

ভোট দেওয়ার পর ফলাফল নিয়ে বাড়িতে ফিরবেন : জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দলের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোট দেওয়া মানুষের অধিকার। সেই অধিকার প্রয়োগ করে ভোট গণনা শেষে ফলাফল জেনে সবাইকে বাড়িতে ফিরে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে গড়ে ওঠার সুযোগ পেয়েছে। তাঁর ভাষায়, ‘১২ তারিখে বিএনপির নেতৃত্বে যুগপৎ সরকার গঠিত হবে। এই নির্বাচন আর আমার নির্বাচন নয়, এই নির্বাচন আপনাদের প্রত্যেকের নির্বাচন।’

তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায় করতে হবে। বয়স্ক নারী ও পুরুষ যাঁরা স্বাবলম্বী নন, তাঁদের জন্য রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা খাতে সব ধরনের ভাতা নিশ্চিত করা হবে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থার কথা জানান তিনি। কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করার প্রস্তাবনার কথাও তুলে ধরেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন এবং সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে বাঞ্ছারামপুর উপজেলা থেকে। প্রবাসীরা যেন তাঁদের উপার্জিত অর্থ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ পান, সে ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরকে সবার জন্য নিরাপদ করে গড়ে তোলা হবে এবং তরুণেরা যেন মাদকের শিকার না হন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে তরুণেরা ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পান।

নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষার কথাও বলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ১৯৭১ সালে লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আর চব্বিশে তরুণেরা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে ত্যাগ স্বীকার করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক এ কে এম মূসা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা বশীরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর