Logo

সারাদেশ

আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না : জামায়াতের আমির

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না : জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

 জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাঁরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করবেন না। তাঁর ভাষায়, কে কতটা পবিত্র—এই বিতর্ক টান দিলে সবার গা থেকেই দুর্গন্ধ বের হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ–উদ্‌–দৌলা সরকারি কলেজ মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই একই বাগানের ভিন্ন ভিন্ন ফুল। সবাই মিলে এই ফুলের বাগান। একসঙ্গে চললে সবাই নিরাপদ থাকবে। যার যে অধিকার, সে তা পাবে। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

জনসভা শেষে নাটোরের চারটি সংসদীয় আসনে জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আল্লাহ যদি তাঁদের সহায়তা করেন এবং সামর্থ্য দেন, তাহলে সেই টাকা উদ্ধার করে রাজকোষে জমা দেওয়া হবে। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যে এলাকা বঞ্চিত থাকবে, সেখানে বরাদ্দ দেওয়া হবে। কোনো মামু–খালার হিসাব চলবে না। লাল–নীল টেলিফোন কিংবা প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী—এসব কিছু বিবেচনায় নেওয়া হবে না; যার যে পাওনা, সে তা পাবে।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে, আর দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকতে পারবে না। তিনি দাবি করেন, গত ৫৪ বছরে একে একে তিনটি দল দেশ শাসন করেছে। তারা কেমন শাসন উপহার দিয়েছে, তা যাচাই করলে তাদের আর ভোট দেওয়ার প্রয়োজন পড়ে না।

তিনি বলেন, দেশের তরুণেরা ইতিমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্রসমাজ ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।

নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, মদিনার আদলে শান্তি ও সাম্যের সমাজ গড়ে তোলা সম্ভব। এমন একটি বাংলাদেশ গড়ার কথা বলেন, যেখানে নারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস ও চলাচল করতে পারবেন। প্রয়োজনে তাঁরা রাস্তায় বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না—এমন বাংলাদেশ দেখতে চান বলেও তিনি জানান।

নাটোর জেলা জামায়াতের আমির নূরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর–১ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর–২ আসনের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী, নাটোর–৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এস এম জার্জিস কাদির, নাটোর–৪ আসনের প্রার্থী আব্দুল হাকিমসহ দলীয় নেতা-কর্মীরা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর