নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৮
নারায়ণগঞ্জ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম
নারায়ণগঞ্জ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাইফুল ইসলাম নামে এক স্থানীয় ভোটার বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
মামলায় শাহ আলম ছাড়াও তাঁর স্ত্রী ইসরাত জাহান সুমি, দুই ছেলে আহনাফ রাফসান শাসন ও আহনাফ শাহ সাহেল এবং চার কর্মী শাহীন মুন্সি, সোহেব আক্তার সোহাগ, জিয়াউল হক জিয়া ও পলাশ হোসেন শরীফকে আসামি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১২ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও আদালত জানিয়েছেন, সিআইডি চাইলে এর আগেও প্রতিবেদন জমা দিতে পারবে।
মামলার আইনজীবী ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, ১, ২ ও ৩ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় শাহ আলম ও তাঁর কর্মীরা ‘বিএনপির মার্কা হরিণ’, ‘ধানের শীষের মার্কা হরিণ’, ‘বেগম খালেদা জিয়ার মার্কা হরিণ’ এবং ‘দেশনেত্রীর মার্কা হরিণ’—এ ধরনের বিভ্রান্তিকর স্লোগান ব্যবহার করেছেন। এসব স্লোগানের মাধ্যমে ভোটারদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এর আগে একই অভিযোগে মুকুল নামে আরেক ব্যক্তি শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আগামী ৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটিকে আদালতে হাজির হয়ে শাহ আলমের লিখিত ব্যাখ্যা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এএস/

