রাকিব হোসেন
খুলনার মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ঘটনাস্থলের পাশে একটি সেলুনে বসে ছিলেন রাকিব। হঠাৎ দুই যুবক তাকে সেলুন থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে মাথায় পরপর দুটি গুলি চালায়। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা আছে। হামলাকারীদের কয়েকজনের নাম জানা গেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
এএস/

