ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে একটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) ও নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশি নাগরিকরা হলেন— হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নুসরাত জাহান (১৮) ও নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচন উপলক্ষে একটি ডাম্পার গাড়িতে করে ধানের শীষ প্রতীকের প্রচারণা, গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। এ সময় উৎসুক জনতা গাড়িটির আশপাশে ভিড় করলে হঠাৎ অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত পাশ থেকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস

