টেকনাফে মহাসড়কে বাস-টমটম সংঘর্ষে নিহত ২
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১
কক্সবাজারের টেকনাফে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলায় যাত্রীবাহী পালকী বাস ও টমটম (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলায় যাত্রীবাহী পালকী বাস ও টমটম (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার বাসিন্দা আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা। নিহত মো. লালু টমটমের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারগামী পালকী বাসের সঙ্গে লেদাগামী যাত্রীবাহী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের চালক ও এক শিশু নিহত হন। টমটমটিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কামাল শিশির/এমবি

