ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির তথ্যমতে, বুধবার সন্ধ্যায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ কারিগাঁও বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে প্রায় ২৫০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে কঠোর অভিযান চলবে।’
এআরএস

