জন্মগত ত্রুটি
চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটির জন্ম হয়।
প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী পেশায় দিনমজুর। তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতেই সিজার অপারেশনের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ (সাজর্ন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি কিন্তু মাথা দুটি। এটি একটি বিরল ঘটনা। এটি জন্মগত ত্রুটির কারণে হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে দুটি মাথা আলাদা করা সম্ভব হতে পারে।
এ ধরনের অপারেশন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। দিনমজুর পিতা মাসুদ গাজীর এ অপারেশন করানোর মতো প্রয়োজনীয় অর্থ নেই। তাই তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য তার বিকাশ নম্বর ০১৮৮৩৫৬২০৬০।
আলআমিন ভূঁইয়া/এআরএস

