বান্দরবানের দুর্গম এলাকাসহ ৭ উপজেলায় পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাসহ সাত উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাসহ সাত উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১ হাজার ১০১টি ব্যালেট বক্স, বিভিন্ন ফর্ম, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, সিলসহ নির্বাচনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, থানচি ও আলীকদম উপজেলায় নিয়ে যান।
দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে কোথাও নৌকা, কোথাও গাড়ি এবং কোথাও পায়ে হেঁটে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।
বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানান, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাত উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, সাত উপজেলার মধ্যে চারটি দুর্গম উপজেলা— রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের পাঁচটি ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসোর্ট ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, বান্দরবানের সাত উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক সমস্যার কারণে ১৫৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এছাড়া জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন।
সোহেল কান্তি নাথ/এমবি

