Logo

সারাদেশ

সুস্থ দেহ ও প্রশান্ত মনের প্রত্যয়ে ইয়োগা ফাউন্ডেশনের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯

সুস্থ দেহ ও প্রশান্ত মনের প্রত্যয়ে ইয়োগা ফাউন্ডেশনের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর প্রযুক্তিনির্ভর মানসিক চাপ থেকে মুক্তি পেতে ঢাকার অদূরে এক ব্যতিক্রমী আয়োজনে মিলিত হন ইয়োগা প্রেমীরা। ‘মন ও দেহের সুস্থতা নিশ্চিত করি’— এই স্লোগান সামনে রেখে ইয়োগা ফাউন্ডেশন বসুন্ধরার উদ্যোগে পালিত হলো ‘ফ্যামিলি ডে অ্যান্ড ইয়োগা ডে আউট-২০২৬’।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরের কাপাসিয়ার মৈশান রিসোর্টে দিনব্যাপী এই আনন্দঘন অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিয়মিত যোগব্যায়াম চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন এবং পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

সকাল থেকেই রিসোর্টের উন্মুক্ত ও সবুজ চত্বরে ফাউন্ডেশনের সদস্যদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। দিনব্যাপী আয়োজনে ছিল বিশেষ ইয়োগা ও মেডিটেশন সেশন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রাণবন্ত আলোচনা, শিশুদের জন্য আনন্দদায়ক বিনোদন ও পারিবারিক গেমস, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।

ইয়োগা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শোয়েব জামান বলেন, ‘এই আয়োজন মূলত সুস্থ জীবন গঠনের একটি সামাজিক বার্তা। বর্তমান সময়ে মানুষ চরম মানসিক চাপ ও শারীরিক জটিলতায় ভুগছে। পরিবারসহ সবাই যেন স্বাস্থ্যবান ও সুশৃঙ্খল জীবনযাপনের পথে ফিরতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ টি-শার্ট, স্বাস্থ্যসম্মত খাবার এবং শিশুদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ।

ইয়োগা ফাউন্ডেশনের সদস্য ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক শামীম হোসেন বলেন, ‘এ ধরনের উদ্যোগ দেশে স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে এবং পারস্পরিক সামাজিক বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সদস্য ও অতিথিরা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ও স্পন্সর হিসেবে ছিল মাগুরা গ্রুপ, মণ্ডল গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টিভি, যুগান্তর ও বাংলাদেশের খবর।

সবশেষে পিকনিক কমিটির আহ্বায়ক মুনতাসীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর মাগুরা গ্রুপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর