Logo

সারাদেশ

সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে ৭ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬

সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে ৭ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ইউনিয়নের পাঁচানি খাশেরগাঁও ও ছোট কোরবানপুর এলাকায় এই অভিযানে এক নারীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা হলেন- সাকিব (২৫), সোহেল (৩৫), রাশেদ (৩০), ফখরুদ্দিন (৪০), জিসান (২০), লোকমান (২৪), শান্তা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাশেরগাঁও এলাকার রাসেল মিয়া এবং ছোট কোরবানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সম্প্রতি দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি ‘শুটার জিয়া’ নামক একজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। সেই ধারাবাহিকতায় আজ ভোর রাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ ছিল। আজকের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে অভিযানের পর দুপুরে খাশেরগাঁও বালুর মাঠে একদল এলাকাবাসী যৌথবাহিনীর বিরুদ্ধে বাড়িঘরে লুটপাটের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে। তবে এই অভিযোগকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছেন ওসি মহিবুল্লাহ। তিনি জানান, গ্রেপ্তার এড়াতে ও অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজেরাই নিজেদের আসবাবপত্র তছনছ করে লুটপাটের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

মো. সজিব হোসেন/এসএসকে/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর