Logo

সারাদেশ

গোপালপুর-ভূঞাপুরে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া জামায়াত

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯

গোপালপুর-ভূঞাপুরে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করায় ৪ জন প্রার্থী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. হুমায়ুন কবির (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (এরশাদ) হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর নির্বাচনের প্রথম দিক থেকেই প্রচার-প্রচারণা করছেন। 

আওয়ামীলীগ নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ না করায় টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনটি এখন বিএনপির দূর্গ। বিএনপির দূর্গে হানা দিতে মরিয়া জামায়াতে ইসলামী।

স্বাধীনতার পর এ আসনটিতে ১৯৭৩ সালে আওয়ামীলীগের হাতেম আলী তালুকদার, ১৯৭৯ সালে  বিএনপি থেকে আফাজ উদ্দিন ফকির, ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে শামছুল হক তালুকদার ছানু, ১৯৯১ সালে বিএনপি থেকে আব্দুস সালাম পিন্টু, ১৯৯৬ সালে আওয়ামীলীগ থেকে খ. আসাদুজ্জামান, ২০০১ সালে আবারো বিএনপি থেকে আব্দুস সালাম পিন্টু, ২০০৮ ও ২০১৪ সালে আবারো আওয়ামীলীগ থেকে খ. আসাদুজ্জামান, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামীলীগ থেকে তানভীর হাসান ছোট মনির নির্বাচিত হন।

স্বাধীনতার পর থেকে টাঙ্গাইল-২ আসনটি মূলত আওয়ামী লীগের দখলে ছিল। অন্তর্বর্তী সরকার আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। 

এদিকে জামায়াতে ইসলাম এ সুযোগে আওয়ামীলীগের ভোট হাতিয়ে নিতে চায়, সাথে হানা দিতে চায় বিএনপির ভোট দূর্গেও।

এ আসনে প্রচারণায় পিছিয়ে জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. হুমায়ুন কবির তালুকদার, তিনি মোটরসাইকেল যোগে একা একাই ভোট প্রার্থনা করছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. মনোয়ার হোসেন সাগর দাপিয়ে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। 

তবে সাধারণ ভোটাররা বলছেন মূলত ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকেই হাড্ডা হাড্ডি লড়াই হবে।

ধানের শীষের কাণ্ডারি আব্দুস সালাম পিন্টু বলেন, ‘গোপালপুর-ভূঞাপুরে আমি এমপি হয়ে যে উন্নয়ন করেছি তারপর আর কোনো উন্নয়ন হয়নি। গেল ১৭ বছর শুধু লুটপাট হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’

জামায়াত প্রার্থী মো. হুমায়ন কবির বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য।’

এ আসনে মোট ভোটার ৪১৮৬০৬জন, পুরুষ ভোটার ২১০৪২২জন, নারী ভোটার ২০৮১৮৩জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।  ১৩৮টি ভোট কেন্দ্র রয়েছে, ১৩টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা রয়েছে।

আব্দুল লতিফ তালুকদার/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর