বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও ব্যাংক লুটে জড়াবে : কর্নেল অলি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪
ছবি: সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিএনপির দেশ পরিচালনার কোনো সক্ষমতা নেই। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুট এবং চট্টগ্রাম বন্দর দখলের মতো কর্মকাণ্ডে জড়াবে। তিনি বলেন, ‘আমরাই নিশ্চিত ক্ষমতায় আসব। ১২ তারিখের পর চোরেরা জেলে থাকবে।’
শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল চত্বরে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্নেল অলি আহমদ।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দালালেরা, অন্যদিকে বাংলাদেশের মানুষ। তাঁর অভিযোগ, বিএনপি এখনো মোদির বাইরে কথা বলতে পারছে না। তিনি বলেন, ‘তাদের নেতাও ভারতের ইশারা ছাড়া দেশে আসেনি।’
নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে এলডিপি সভাপতি বলেন, তিনি যখন ক্যাপ্টেন ছিলেন, তখন পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সে সময় বাংলাদেশিদের প্রতি ঘৃণা ছিল এবং ন্যায্য পাওনা দেওয়া হতো না। বৈষম্যের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন থেকেই তাঁর মনে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।
বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ‘আপনারা বই পড়েন, কিন্তু বিএনপির বই পড়েন না। জামায়াত মার খায়, মাল খায় না। বিএনপি মাল খায়, কিন্তু মার খায় না।’ তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার চলে যাওয়া চায়নি; বরং সেটি ছিল জামায়াত ও এলডিপিসহ অন্যান্য শক্তির দাবি।
নিজের ভূমিকার কথা তুলে ধরে কর্নেল অলি আহমদ বলেন, ‘ক্যাপ্টেন অলি হিসেবে আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি। পাকিস্তানি অফিসারদের আটক করেছি। জিয়াউর রহমানকে ফিরিয়ে এনেছি।’
দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম–১৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, জামায়াতের অঞ্চল টিম সদস্য জাফর সাদিক এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জুবায়েরুল আলম মানিক প্রমুখ।
এএস/

