Logo

সারাদেশ

প্রতিশোধের রাজনীতি নয়, জাতীয় ঐক্যের ডাক দিলেন জোনায়েদ সাকি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৫

প্রতিশোধের রাজনীতি নয়, জাতীয় ঐক্যের ডাক দিলেন জোনায়েদ সাকি

প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি। শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, জাতীয় ঐক্য ও সংস্কারের আহ্বান জানিয়ে প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যুগপৎ জোটের পক্ষে ভোট চেয়ে রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। একটি অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ের বাংলাদেশ এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বাঞ্ছারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। জুলাই অভ্যুত্থানে আশিক, তুহিন, ইসমাইল ও ইমরানের রক্ত বাঞ্ছারামপুরবাসীকে গৌরবান্বিত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাঞ্ছারামপুরের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন জোনায়েদ সাকি। তিনি বলেন, বাঞ্ছারামপুরের রাস্তাঘাট সংস্কার, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন, মেঘনা ব্রিজ ও বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। তিনি কৃষক, শ্রমিক, ইমাম, পুরোহিতসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং কৃষি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, অ্যাডভোকেট রফিক শিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক সালে মূসা এবং উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী শামীম শিবলী প্রমুখ।


এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর