জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ ও সিরাজগঞ্জের ১৬টি উপজেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি চালিয়ে গত এক সপ্তাহে ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
১৪ বিজিবি সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি থেকে নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার ৯টি সংসদীয় আসনের ১৬টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবির ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার পর্যন্ত গত কয়েক দিনে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১২২টি যৌথ টহল এবং ৮৭২টি ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছেন। এ ছাড়া ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত রেকি কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাচনী আচরণবিধি রক্ষায় বিজিবির এই অভিযানে যুক্ত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যক্তিকে এ পর্যন্ত ৬৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
একই সময়ে সীমান্তেও সাফল্য পেয়েছে বাহিনীটি। ১ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ লাখ ৬১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে ১৪ বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ‘ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।’
এম এ রাজ্জাক/এসএসকে/

