যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, দুই-ভাইসহ চারজন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫
যশোর শহরে যুবলীগের নাম ব্যবহারকারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় অভিযুক্ত আরিফ।
শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টার অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে। এছাড়া আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও আটক করা হয়।
রাত সাড়ে চারটার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
যৌথ অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে তারা দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
বিশেষ বাহিনীর নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগেই কৌশলে পালিয়ে যায় আলোচিত আরিফ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
শহিদ জয়/এসএসকে/

