Logo

সারাদেশ

নির্বাচন ঘিরে বরিশালে নৌ ও যান চলাচল বন্ধের সময়সীমা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

নির্বাচন ঘিরে বরিশালে নৌ ও যান চলাচল বন্ধের সময়সীমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলাজুড়ে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত বরিশাল জেলার পুরো এলাকায় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

একই সময় জেলার সব নৌপথে লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহনকে। পাশাপাশি পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

এ ছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ অন্যান্য জরুরি সেবার যানবাহন, বিমানবন্দরগামী যাত্রী বা বিদেশফেরত যাত্রী (টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে), প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত একটি গাড়ি, মহাসড়ক ও বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রধান সড়কসমূহও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই এই আদেশ জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসনের এই ঘোষণাকে কেন্দ্র করে বরিশালে নির্বাচনী প্রস্তুতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাজী আরিফুর রহমান/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণপরিবহন চলাচল লঞ্চ চলাচল সংসদ নির্বাচন বরিশাল সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর