নীলফামারীতে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২
নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগ দেওয়া স্থানীয় জনপ্রতিনিধি সুরুজ আলীর (৫৬) ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শণ ও নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে দলটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা সুরুজ আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওই ইউনিয়নের (মেম্বার) সদস্য সুরুজ আলীকে কয়েক দিন আগে দুই দফা হেনস্তার শিকার হতে হয়। সর্বশেষ গত শনিবার রাতে তার ওপর হামলা চালানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল অভিযোগ করেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ভন্ডুল করার জন্য জামায়াত উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তারা পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘নির্বাচনের সময় রাজনৈতিক মতপার্থক্য, পোস্টার ছেঁড়াছেঁড়ি কিংবা বাকবিতন্ডা থাকতে পারে। কিন্তু হামলা ও শারীরিক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি সুপরিকল্পিত ঘটনা।’
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলালসহ আরও অনেকে।
তৈয়ব আলী সরকার/এসএসকে/

