পান-সুপারি বিতরণের অভিযোগে ধানের শীষ কর্মীর কারাদণ্ড
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮
ছবি : বাংলাদেশের খবর
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে ধানের শীষের এক কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের মধ্যে পান-সুপারি বিতরণের সময় তাকে আটক করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রিয়াদ পাঠান (২৮) ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভরাডোবা ইউনিয়নের পুরুয়া নারাঙ্গিপাড়া গ্রামে ধানের শীষের পক্ষে সকাল থেকেই ভোটারদের মধ্যে পান-সুপারির প্যাকেট বিতরণ করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি দোকানের সামনে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা প্রায় ৪০০ প্যাকেট পান-সুপারি জব্দ করা হয়। এ সময় রিয়াদ পাঠানকে আটক করা হয়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, ‘ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পান-সুপারি বিতরণ স্পষ্টতই নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এর আগেও ওই যুবক ভোটারদের মুড়ি খাওয়ানোর ঘটনায় জড়িত ছিলেন এবং তখন মুচলেকা দিয়ে ছাড়া পান। পুনরায় একই ধরনের অপরাধে জড়িত থাকায় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।’
রোমান আহমেদ নকিব/এআরএস

