নীলফামারী সদরে জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে জামায়াত-বিএনপির ভোটযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
উভয় প্রার্থী দিনরাত জোর কদমে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও ইসলামি আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রামেগঞ্জে ঘুরে ভোটারদের সমর্থন কামনা করছেন।
পৌর এলাকার নিউবাবু পাড়ার ৩নং ওয়ার্ডের ভোটার সিরাজুল ইসলাম ও খতিবর রহমান বলেন, এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের লড়াই নিয়ে আলোচনার ধুম পড়েছে। চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় নির্বাচনই এখন মুখ্য।
বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দাবি করেন, তার দল ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, হাসপাতাল সম্প্রসারণ ও নলকূপ ও খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্যোন্নয়ন করা হবে।
অন্যদিকে, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, সঠিক পরিকল্পনার অভাবে নীলফামারীর সম্ভাবনা কাজে লাগানো যায়নি। তার নির্বাচনী ইশতেহারে তিনি দূর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা, অবকাঠামো উন্নয়ন, সবার জন্য সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং নিরাপদ জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘দুর্নীতি ও মাদকমুক্ত নীলফামারী গড়তে চাই। সুষ্ঠু নির্বাচনে আমি জয়ী হব ইনশাআল্লাহ।’
তৈয়ব আলী সরকার/এআরএস

